Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১২, ২০২৬ , ৫:২৩ অপরাহ্ণ

কারিগরি ও নারী শিক্ষায় সরকার-অভিভাবকের যৌথ উদ্যোগের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আজ সকাল ১০টায় “এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম” শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থায় নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পসমূহ পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে নিজেদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

সভা শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন