নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খননের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৮টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে এবং একটি ভেকু বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার কাজে জড়িত থাকার অপরাধে নাটোর সদর উপজেলার পূর্ব ঢাকোপাড়া এলাকার মো. আলম হোসেনের ছেলে রাজু আহমেদ (২৭)-কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ৮টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ মাটি কাটার কার্যক্রমে ব্যবহৃত একটি ভেকু ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে চৌকস আনসার সদস্য সহ অন্যান্য কর্মকর্তারা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পুকুর খনন বা মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি