উৎসবমুখর পরিবেশ ও নজিরবিহীন সংবর্ধনার মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১০ম উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।
বুধবার (১০ জুন) সকালে ঢাকা থেকে সড়কপথে ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে বিএনসিসি, স্কাউট ও আনসার সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে টিএসসি কনফারেন্স কক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদের সভাপতিত্বে এবং ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনিযুক্ত ভিসি।
বক্তব্যে প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আমি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো পরিকল্পনাই সফল হবে না।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমার স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা, তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি জ্ঞানভিত্তিক, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।
উপাচার্য বলেন, “শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন, আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে দায়িত্বশীল, সহনশীল ও শিক্ষার্থীকল্যাণে নিবেদিত হতে হবে।”
অনুষ্ঠান শেষে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি ফলজ ও একটি বনজ গাছের চারা রোপণ করেন নবনিযুক্ত উপাচার্য।
উল্লেখ্য, গত ৮ জুন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহআলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আজকালের কন্ঠ/আর বি