নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় আমেনা হাসান বিপাশা (৩০) নামে এক স্বাস্থ্য কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১০) জুন বিকালে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন সকালে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মধুমতী ইট ভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা হাসান বিপাশা লোহাগড়া পৌরসভার রথখোলা এলাকার মাহমুদ হাসান ও শিক্ষক আসমা বেগম দম্পতির জৈষ্ঠ্য সন্তান এবং লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর সোচাইল গ্রামের সন্তান ও দীপ্ত টিভির সাবেক নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের সহধর্মিণী। আমেনা হাসান বিপাশা উত্তর পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে আমেনা হাসান বিপাশা লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশার বাসা থেকে ভ্যানযোগে তার কর্মস্থল উত্তর পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মধুমতী ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ভ্যানে থাকা আমেনা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তিনি মারা যান।
এদিকে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক তানভীর আহম্মেদ রুবেলের সহধর্মিনীর মৃত্যুতে লোহাগড়ার সাংবাদিক সমাজ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যশোরে এক স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি৷ এ ঘটনায় মামলায় দায়েরে প্রস্তুতি চলছে।
আজকালের কন্ঠ/আর বি