মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন, দেবিদ্বার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলার মধ্যপাড়া মরিচা এলাকায় অবস্থিত ‘মোসলেম ফুড অ্যান্ড বেভারেজ’-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১)/৪১ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দীন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং আইন মেনে উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
এদিকে, জনস্বার্থে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর বি