ময়মনসিংহ নগরীর আনন্দ মোহন কলেজ রেলক্রসিং সংলগ্ন তিনকোণা পুকুরপাড় এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ময়মনসিংহ রেলস্টেশনে প্রবেশের সময় আনন্দ মোহন কলেজ রেলক্রসিংয়ের কাছে তিনকোণা পুকুরপাড় এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি পাওয়ার কার হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায় এবং রেলপথে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। ঘটনাটি কী কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে দেখা যায় ট্রেনের সামনের দিকের একটি পাওয়ার কার লাইন থেকে ছিটকে গেছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
রেলওয়ে সূত্র জানিয়েছে, লাইনচ্যুতির সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। তবে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর বি