ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। দিনের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কাজে নেমে এসেছে স্থবিরতা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে। ক্লাস চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে মাল্টিমিডিয়া নির্ভর ক্লাস, ল্যাবভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং অনলাইন গবেষণামূলক কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষে স্বাভাবিকভাবে অবস্থান করাই কষ্টকর হয়ে পড়েছে। এছাড়াও রয়েছে ইন্টারনেট সুবিধার স্বল্পতা ফলে গবেষণার কাজেও ভোগান্তি পোহাতে হচ্ছে।
শিক্ষক ও কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যুৎ একটি অপরিহার্য উপাদান। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে নির্ধারিত পাঠদান পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে প্রশাসনিক দপ্তরগুলোর দৈনন্দিন কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বাঁধন বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘনঘন লোডশেডিং আমাদের শিক্ষার্থীদের নীরব ভোগান্তির অন্যতম কারন বর্তমানে। এই কয়েকদিন যাবৎ লোডশেডিং আমাদের স্বাভাবিক পড়াশোনায় বিপুল ক্ষতি করছে এবং তীব্র গরমে লোডশেডিং এর সমস্যায় ভুগছে ছাত্র-ছাত্রীরা, যার কারনে ব্যাহত হচ্ছে আমাদের নিয়মিত পাঠদান। ক্যাম্পাসে নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সৌরবিদ্যুৎ ও আধুনিক বিকল্প ব্যবস্থার মাধ্যমে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব বলে আমি মনে করি। একটি সুন্দর ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের জন্য লোডশেডিং সমস্যার সমাধান প্রয়োজন এবং এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথমত তাপমাত্রা বৃদ্ধির ফলে বিদ্যুৎ না থাকলে অসহ্য গরম লাগে, হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে।
বিদ্যুৎ বিভ্রাট ইস্যুতে ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মশিউর রহমান বলেন, আমাদের দাবি হলো বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার (যেমন: জেনারেটর বা সোলার সিস্টেম) সক্ষমতা বৃদ্ধি করা। প্রশাসনের কাছে প্রত্যাশা, তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির জানান, ক্যাম্পাসে একটি সাব-স্টেশন স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আমরা বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। বিকল্প কি করা যায় আমরা তা নিয়েও ভাবছি। আশা করি শিগগিরই বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা অনেকাংশে কমে আসবে।
আজকালের কন্ঠ/আর বি