Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৯, ২০২৬ , ১০:১৫ পূর্বাহ্ণ

অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার, সংবাদ সম্মেলনে চকেট জামাল

লেখকঃ মোঃ শেখ ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি

ভোলায় নিজের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বলগেট-সংশ্লিষ্ট ব্যবসায়ী চকেট জামাল। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চকেট জামাল বলেন, তিনি দীর্ঘ ৮ থেকে ৯ বছর ধরে বলগেট মালিক ও শ্রমিকদের সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। জাহাজের পাইলটদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত শ্রমিকরা বিভিন্ন দুর্গম এলাকায় কাজ করেন এবং এ কাজের আয়ের ওপর তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি বিল্লাল, শাহাবুদ্দিন ও মিঠুসহ কয়েকজন ব্যক্তি একটি প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর মদদে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। শ্রমিক ফেডারেশনের একটি কাগজ নিয়ে তারা তার কাছে এলে শ্রমিকদের স্বার্থে একটি অফিস পরিচালনা এবং সংগঠনের কার্যক্রম চালাতে শ্রমিকদের কাছ থেকে মাসিক ৩০০ টাকা করে গ্রহণের পরামর্শ দেন বলে তিনি জানান।

চকেট জামালের দাবি, পরবর্তীতে ওই ব্যক্তিরা শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করেন। শ্রমিকরা তাতে সম্মতি না দিলে তারা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং মানববন্ধনের আয়োজন করে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চালান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বিরুদ্ধে উত্থাপিত চাঁদাবাজিসহ অন্যান্য অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং শ্রমিকদের জীবিকা নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি ভোলা জেলা পুলিশ, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

চকেট জামাল বলেন, “সত্য উদঘাটনের স্বার্থে আমি যেকোনো তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, বলগেট মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন