Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৭, ২০২৬ , ৫:৩৭ অপরাহ্ণ

ঝালকাঠী’র প্রতিবন্ধী বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিলেন এ্যাড. শাহাদাৎ

লেখকঃ মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী বিএনপি কর্মী মো. এমরাজ হাওলাদারের কর্মসংস্থানের জন্য একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

শনিবার (৬ জুন) রাত ৮টায় শহরের মহিলা কলেজ রোড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজ হাতে এমরাজের কাছে অটোরিকশাটি হস্তান্তর করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের ত্যাগী এ তৃণমূল কর্মীর জন্য স্থায়ী আয়ের একটি সুযোগ সৃষ্টি হলো।

অটোরিকশা হস্তান্তরকালে অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ত্যাগী ও সংগ্রামী কর্মীদের মূল্যায়ন করে। দলের প্রতিটি কর্মীর সুখ-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও তৃণমূলের কর্মীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) ও ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিক হাওলাদার, জেলা তাঁতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপহার হিসেবে অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মো. এমরাজ হাওলাদার। তিনি অ্যাডভোকেট শাহাদাত হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দলের একজন অসচ্ছল ও বুদ্ধিপ্রতিবন্ধী কর্মীর পাশে দাঁড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার এ উদ্যোগ মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন