ময়মনসিংহ নগরীর কাঠগোলা বাজার সংলগ্ন গলগন্ডা কবরস্থানের পেছনে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ৮০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ব্রহ্মপুত্র নদের তীরবর্তী নির্জন এলাকায় সন্দেহজনকভাবে রাখা কয়েকটি বস্তা দেখতে পায় পুলিশ। পরে সেগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, একটি সংঘবদ্ধ মাদকচক্র দীর্ঘদিন ধরে নদীপথ ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে মাদক এনে ওই এলাকায় মজুত করছিল। পরে সুবিধাজনক সময়ে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করার পরিকল্পনা ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কিছু নির্জন এলাকা দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের জন্য নিরাপদ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ কারণে সম্প্রতি এসব এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।”
তিনি আরও বলেন, “যে কোনো মূল্যে মাদক ব্যবসা বন্ধ করতে পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি উদ্ধারকৃত মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আজকালের কন্ঠ/আর বি