পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় তরুণদের অংশগ্রহণে ব্যতিক্রমী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ শপথ গ্রহণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
শপথ বাক্য পাঠ করান কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য এবং কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এখন সময়ের দাবি। তরুণদের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
শপথে অংশগ্রহণকারীরা পরিবার, বন্ধু ও সমাজের মানুষের মাঝে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি তারা সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব পৃথিবী গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, উপকূলীয় জনপদগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
আজকালের কন্ঠ/আর বি