রংপুরের তারাগঞ্জ উপজেলার ২নং কুশা ইউনিয়নের জিগাতলা এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন ২০২৬) রাত ১০টা ২২ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন হলেন আমানন্দ রায় (৪৫)। তিনি উপজেলার খিয়ারজুম্মা এলাকার বাসিন্দা। অপর একজন নারী আহত হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর তারাগঞ্জ ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে প্রাথমিক সহায়তা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ বলেন, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং আহত অজ্ঞাতনামা মহিলার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
আজকালের কন্ঠ/আর বি