Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৬, ২০২৬ , ১০:১৫ পূর্বাহ্ণ

দুমকিতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। শুক্রবার (৫ জুন) উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা ও কার্তিকপাশা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি ক্যাম্প পটুয়াখালীর একটি দল জানতে পারে যে, দুই ব্যক্তি সাকুরা পরিবহনে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়।

পরে সাকুরা পরিবহনে তল্লাশি চালিয়ে মো. সুমন হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সুমন হাওলাদার উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

আটক সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা একই দিন উপজেলার কার্তিকপাশা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল মৃধা (৩৪) নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি কার্তিকপাশা এলাকার আনোয়ার মৃধার ছেলে।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দুমকি থানার মামলা নং-০২, জিআর নং-৩৮, তারিখ ৫ জুন ২০২৬ হিসেবে নিবন্ধিত হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১৯(খ)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মামলাটি আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন