Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৫, ২০২৬ , ১১:২২ অপরাহ্ণ

রামগঞ্জে অবৈধ মাটি কাটা নিয়ে ক্ষোভ: ‘মানুষ নামের পশু’মাটি ব্যবসায়ীদের নিয়ে এমপি সেলিমের মন্তব্য ভাইরাল

লেখকঃ জাকির হোসেন জুয়েল ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শাহাদাত হোসেন সেলিম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি মন্তব্য ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রামগঞ্জে অবৈধ মাটি কাটার অভিযোগসংক্রান্ত একটি পোস্টে মন্তব্য করে এমপি সেলিম লিখেছেন, “মাটির ব্যবসায়ীরা অন্য ধাতুতে গড়া, মানুষ নামের পশু। গজব পড়ুক এদের উপর।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মাহমুদ ফারুক-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের মন্তব্যঘরেই এমপি এ প্রতিক্রিয়া জানান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে ভোলাকোট ইউনিয়নে, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ফসলি জমি ও বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। এতে কৃষিজমির ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে বিভিন্ন স্থানে ভূমিক্ষয় ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। তারা অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্টদের মতে, রামগঞ্জে অবৈধ মাটি ব্যবসা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। এ অবস্থায় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন।

উল্লেখ্য, অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে শুরু থেকেই সরব অবস্থানে রয়েছেন এমপি শাহাদাত হোসেন সেলিম। তার সাম্প্রতিক মন্তব্যও সেই অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা। তবে সচেতন মহলের দাবি, অবৈধ মাটি কাটা বন্ধে শুধু বক্তব্য নয়, প্রয়োজন কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন