কুমিল্লার মুরাদনগরে আলেম-ওলামাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক আহমেদ বাদশা। তিনি সাবেক ধর্মমন্ত্রী ও ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে এ শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার নিমাইকান্দি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, ইমাম ও খতিবরা অংশ নেন।
অনুষ্ঠানে ফারুক আহমেদ বাদশা বলেন, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক। তিনি আলেম-ওলামাদের প্রতি কায়কোবাদের শুভেচ্ছা পৌঁছে দেন এবং তাদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, মানুষের সেবার লক্ষ্য নিয়েই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ভবিষ্যতে সুযোগ পেলে নবীপুর পশ্চিম ইউনিয়নের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আলেম-ওলামাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।
উপজেলা ইমাম ও খতিব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাফেজ আমিনুল ইসলাম, মুফতি ছাদেকুল ইসলাম, মাওলানা আবুল হাসান, মাওলানা আব্দুল কবির, মাওলানা নুরুজ্জামান, মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি আবু মুছা, মাওলানা ইকরামুল হক মুরাদী, মাওলানা কামাল উদ্দিন, মুফতি কাজী জামাল ও মাওলানা তাজুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। পরে ধর্মমন্ত্রী কায়কোবাদ, দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীপুর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত শত-শত আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি