পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন শাখা।
সকালে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমে মুরাদনগর সদর ইউনিয়নের প্রায় ১৪০টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গোশত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য মাহবুব আলম মুন্সি, উপজেলা বায়তুলমাল সম্পাদক ও কর্মপরিষদ সদস্য আবু বকর সরকার, সদর ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক ও টিম সদস্য জাকির হোসেন এবং ইউনিয়ন জামায়াত যুব বিভাগের সভাপতি মু. শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় আসন্ন ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মু. নাজমুস সাকিব (তন্ময়) বলেন, “কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও মানবতার চর্চা। আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও হানাহানি দূর করে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের তৌফিক দান করেন।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, সবাই মিলে একটি মানবিক, সুন্দর ও কল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলি।”