পটুয়াখালীতে প্রতারণা ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম মোছা. রাকিবা ওরফে সাদিয়া (২৪)। তিনি দুমকি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং আবু জাফরের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর-১৫/২৬ (দুমকি) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাকিবা ওরফে সাদিয়াকে শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে পটুয়াখালী সদর থানার ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুমকি থানার এসআই সজিব।
মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা পরিবর্তন করে অবস্থান করতেন এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে কৌশলে টাকা-পয়সা ও মূল্যবান সম্পদ হাতিয়ে নিতেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি পটুয়াখালী অঞ্চলে সক্রিয় একটি কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতে বিচার কার্যক্রম সম্পন্ন হয়নি। আইন অনুযায়ী, আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।