Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৬, ২০২৬ , ৭:১৪ অপরাহ্ণ

এআই ট্রাফিক মামলার বিষয়ে অফিসিয়াল নম্বর জানিয়ে সতর্কবার্তা এক পুলিশ সদস্যের

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ

সড়কে স্থাপিত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে মামলা (এআই মামলা) কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষকে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন এক পুলিশ সদস্য।

পোস্টে তিনি উল্লেখ করেন, এআই ট্রাফিক মামলার বিষয়ে প্রয়োজন হলে কেবলমাত্র ০১৩২০০৪২২০৭ অথবা ০১৩২০০৪২২২৭ নম্বর থেকে এসএমএস (SMS) পাঠানো হবে। এর বাইরে অন্য কোনো নম্বর থেকে এ ধরনের বার্তা এলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টে আরও বলা হয়, সম্প্রতি এআই ক্যামেরার মাধ্যমে সিগন্যাল অমান্যসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে মামলা রেকর্ড করা হচ্ছে। এ সুযোগে অসাধু চক্র ভুয়া বার্তা বা ফোনকলের মাধ্যমে অর্থ আদায় কিংবা ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারে। তাই অফিসিয়াল নম্বর ব্যতীত অন্য কোনো নম্বর থেকে প্রাপ্ত বার্তা বা কলের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই সতর্কবার্তাটি ইতোমধ্যে বিভিন্ন ব্যবহারকারীর মধ্যে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। অনেকেই বিষয়টিকে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সাধারণ নাগরিকদের যেকোনো সন্দেহজনক বার্তা বা প্রতারণার চেষ্টার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন