নওগাঁর রাণীনগরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলসহ, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, “বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীতে সঙ্গে নিয়েই সামনে এগুতে চায়। রাণীনগর-আত্রাইয়ে অতীতে এ ধরনের উদ্যোগ আমাদের চোখে পড়েনি। আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং দেশের জন্য দোয়া করবেন। আমরা যেন আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি।”
এ সময় অসহায় ও দুস্থ মানুষের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি