চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক এবং সহকারীর বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
জানা যায়, গত রবিবার (২৪ মে) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাস মিরসরাই প্রতিনিধি সাখাওয়াত সাকিব সংবাদ সংগ্রহে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের সহকারী নুরুজ্জামান তারসাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীরও তথ্য না দিয়ে এড়িয়ে যান। পরে একপর্যায়ে তথ্য দিতে বাধ্য হন তারা।
এবিষয়ে সাংবাদিক সাখাওয়াত সাকিব বলেন, আমি হাসপাতালে একটি সড়ক দুর্ঘটনার সংবাদের তথ্য সংগ্রহের জন্য এসে ছবি, ভিডিও সংগ্রহের পর জরুরি বিভাগে গিয়ে তথ্য নিতে যাই, তখন দায়িত্বরত চিকিৎসকের সহকারী তথ্য না দিয়ে সময় ক্ষেপণ করেন এবং তিনি তার অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। পরে চিকিৎসক ডা. তানভীরের কাছে জানতে চাইলে তিনি বলেন একজন ডাক্তার একটু আগে চলে গেছেন। আপনাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা সাংবাদিকরা যাই তথ্যের জন্য, কিন্তু উনারা যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা না করে আমরা কোথায় থেকে তথ্য নিবো?
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের জরুরি বিভাগের যোগাযোগের নাম্বারে কল দিলে সংযোগ পাওয়া যায় না বলে জানিয়েছেন অন্যান্য সংবাদকর্মীরাও। তারা বলেন, জরুরি মুহুর্তে হাসপাতালে যোগাযোগের জন্য জরুরি বিভাগের নাম্বারে কল দিই, কিন্তু কল রিসিভ হয় না। এবিষয়ে একাধিকবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবিহিত করা হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি।
এবিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আজকালের কন্ঠ/আর বি