ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা | Daily AjKaler Kontho

ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা


আহমদ বিলাল খান প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটির সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সোমবার (২৫ মে) দুপুরে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২৫০টি অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে চাউল তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা আত্মত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত শিক্ষা হলো নিজের ভেতরের অহংকার, লোভ ও হিংসাকে বিসর্জন দেওয়া এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের সামর্থ্যবান মানুষদের উচিত ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পাহাড়ের অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাহাড়ে বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সংগঠনটি যেমন সোচ্চার, তেমনি পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতেও নিয়মিত কাজ করছে।

তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ২৫০টি উপকারভোগী পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

আজকালের কন্ঠ/আর বি