সিলেটের গোলাপগঞ্জে Islami Bank Bangladesh PLC-এর ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার চৌমুহনী এলাকা থেকে মো. বাবুল হোসেন (৪৫) নামে তাকে আটক করা হয়। এ নিয়ে আলোচিত এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত বাবুল হোসেন উপজেলার মোল্লাগ্রাম এলাকার মো. আব্দুল মুতলিবের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক সংক্রান্ত অন্তত ছয়টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে মো. হিরা মিয়া (৪৫) নামে আরেক ডাকাতকে গ্রেফতার করা হয়। তিনি সিলেট মহানগরীর খাদিমনগর বিআরটিসি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১১ মে) বিকেল প্রায় ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় চাঞ্চল্যকর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় Islami Bank Bangladesh PLC-এর টাকা বহনকারী ব্যক্তিদের গতিরোধ করে তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত। পরে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তারা প্রায় ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকেই পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং ছিনতাই হওয়া টাকার একটি অংশ উদ্ধারসহ পুরো চক্রকে শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত অপরাধীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি