ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘মুক্ত বাংলা’ নামের একটি বাসের সাথে পিকআপ ভ্যানের (করিমন) সংঘর্ষে ইমরান (২৪) নামের এক চালক নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের শৈলকূপা থানাধীন গাড়াগঞ্জ সংলগ্ন বড়দাহ দাখিল মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শৈলকূপা থানার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, শিডিউল অনুযায়ী বিকেল ৪টায় ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ‘মুক্ত বাংলা’ বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে ফিরতি পথে ছিল। বাসটি ওই এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের (করিমন) সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যানচালক ইমরান গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “পিকআপ ভ্যান চালক আহত হওয়ার পর সকল ধরণের চিকিৎসা ভার বহনের সিদ্ধান্ত হয়েছিল। তবে মৃত্যুর পর কি ধরণের ক্ষতিপূরণ দেওয়া হবে তার সিদ্ধান্ত আগামীকাল হবে।
জানা গেছে, মৃত ব্যক্তির পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই ছিলেন।” বাসটির বর্তমান অবস্থার কথা জানিয়ে তিনি আরও বলেন, “বর্তমানে বাস হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। আগামীকাল কথা শেষে নিয়ে আসা যাবে।”
আজকালের কন্ঠ/আর বি