চট্টগ্রামের সন্দ্বীপে “ভূমিসেবা মেলা ২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভার প্রশাসক আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমজাদ হোসেন বলেন,সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে ডিজিটাল পদ্ধতির সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন,নামজারি,খতিয়ান,ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন সহজ ও প্রযুক্তিনির্ভর হওয়ায় জনগণ দ্রুত সেবা পাচ্ছে। তিনি ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এবং সংসদ সদস্যের একান্ত সহকারী মাস্টার আবুল কাশেমসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার তথ্য প্রদান, অনলাইনে আবেদন গ্রহণ,নামজারি কার্যক্রম, খতিয়ান যাচাই ও ভূমি উন্নয়ন কর বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ ও সহায়তা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্তৃপক্ষ জানিয়েছেন,এ ভূমিসেবা মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে।
আজকালের কন্ঠ/আর বি