জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উক্ত প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী নূর উদ্দিন সজল (পুরুষ) ও আইন ও বিচার বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী জোহরা ইকবাল মিম (নারী)।
সোমবার (১৮ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, জাকসু নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারীরা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের ইভেন্টে ৪০০ মি. স্প্রিন্ট, ৪০০মি.হার্ডেলস,১৫০০মি.দৌড়, ৫০০০মি.দৌড়ে প্রথম হয়ে কেন্দ্রীয়ভাবে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেন নূর উদ্দিন সজল।
অন্যদিকে মেয়েদের ইভেন্টে কেন্দ্রীয় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেন জোহরা ইকবাল মিম।
এবারের প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে শহীদ সালাম-বরকত হল ৫৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন ও আলবেরুনী হল ৪৫ পয়েন্ট পেয়ে রানার আপ, এবং ছাত্রী হলের মধ্যে বেগম সুফিয়া কামাল হল ৩৪ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল ২৫ পয়েন্ট অর্জন করে রানার আপ হয়েছে।
এছাড়া দ্রুততম মানব হয়েছেন মওলানা ভাসানী হলের সুজন ইসলাম এবং রোকেয়া হলের জোহরা ইকবাল মিম দ্রুততম মানবী হন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আজকালের কন্ঠ/আর বি