পিরোজপুরে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী সেমিনারের আয়োজন করেছে উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (WRRDF)। “মাদককে না বলো” স্লোগানকে সামনে রেখে আগামী প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৮ মে) দুপুরে দাউদপুর পল্লীমিলন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামাল খানের নির্দেশনায় সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতামূলক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪ নং কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েতুল ইসলাম মিস্টার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর জেলার এ,এসআই মো. জিয়াউদ্দিন এবং দাউদপুর পল্লীমিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাহেদ আলী।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ এবং উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আলোচকরা তাদের বক্তব্যে মাদক কী, মাদকাসক্তির কারণ, এর ভয়াবহ প্রভাব এবং মাদক প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো. মফিজুর রহমান টিটু।
অনুষ্ঠানের শেষে তিনি উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং বলেন, মাদক নয়, জীবন হোক সুন্দর। আজকের সিদ্ধান্ত আগামীর ভবিষ্যৎ। চলুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ সমাজ।
আজকালের কন্ঠ/আর বি