দিনাজপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, দিনাজপুর সদর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বক্তব্যে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার উপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এবং দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল হক, দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরন্নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
আজকালের কন্ঠ/আর বি