Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৮, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ

২৩ দিনের ছুটিতে ইবি, হল বন্ধ থাকবে ১৫ দিন

লেখকঃ ইবি প্রতিনিধি

গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এতে আগামী ২০ মে থেকে ১২ জুন পর্যন্ত মোট ২৩ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে।

তবে, ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত মোট ১৫ দিন আবাসিক হল সূমহ বন্ধ থাকবে বলে জানিয়েছে হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন।

প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (২৩ মে) সকাল ১০টার মধ্যে আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন বলেন, “ঈদের ছুটি উপলক্ষে আগামী ২৩ তারিখ সকাল ১০টা থেকে ৭ তারিখ সকাল ১০টা পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে এবং এ বিষয়ে প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য নোটিশ দেওয়া হবে।

হল খোলা রাখার দাবির বিষয়ে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী লাল ছুটির দিনগুলোতে হল বন্ধ থাকে। এ সময় স্টাফদের ডিউটি করতে বাধ্য করা যায় না, ফলে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়। প্রত্যেক ছুটিতেই কিছু শিক্ষার্থী আপত্তি জানায়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় মাত্র আট-দশজন শিক্ষার্থী হলে অবস্থান করে এবং মূলত তারাই এই চিল্লাপাল্লা বা দাবিগুলো তোলে। শিক্ষার্থীরা টিউশনি বা ব্যবসার কথা বলে হলে থাকতে চায়, কিন্তু এর দায়ভার তো প্রভোস্টদের নেওয়ার কথা নয়।

তিনি আরো বলেন, একাডেমিক ক্যালেন্ডার প্রভোস্ট কাউন্সিল তৈরি করে না, তারা কেবল ক্যালেন্ডার অনুসরণ করেন। হল খোলা রাখার ক্ষেত্রে প্রশাসনিক ও আর্থিক জটিলতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, লাল ছুটিতে স্টাফরা কাজ করলে তাদের ওভারটাইম দিতে হয়। কিন্তু ইউজিসির অডিট আপত্তির কারণে বিশ্ববিদ্যালয় এখন ওভারটাইম বা ওভার ডিউটির কোনো বিল দিচ্ছে না। এমনকি গত জুলাই থেকে ছুটির দিনে কাজ করা স্টাফদের বিলও বকেয়া রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় আর্থিক সাপোর্ট পেলে হল খোলা রাখতে তাদের কোনো সমস্যা ছিল না।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন