Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৮, ২০২৬ , ১১:৫৫ পূর্বাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুবি ছাত্রদলের লিফলেট বিতরণ

লেখকঃ কুবি প্রতিনিধি

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অবস্থান তুলে ধরে ‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ’ শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

রবিবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে বলা হয়, গণভোটের ‘খ’ নং প্রশ্নের “জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে” এবং “সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন” সংক্রান্ত অংশ জুলাই সনদের ঐকমত্যের অন্তর্ভুক্ত নয়। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের সময় এ বিষয়ে আপত্তি জানিয়েছিল, যা সনদে উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়, বিএনপি সংসদের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব চায় এবং সংবিধান সংশোধনের মতো কিছু বিষয় উচ্চকক্ষে পাঠানোর বিষয়ে দ্বিমত পোষণ করে। কারণ উচ্চকক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়। জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের নোট অনুযায়ী বিএনপির আপত্তি প্রাধান্য পাবে বলেও উল্লেখ করা হয়।

লিফলেটে আরও দাবি করা হয়, গণভোটের ‘গ’ প্রশ্নে “সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি” এবং “বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার” দেওয়ার বিষয়টি ইতোমধ্যে বিরোধী দল লঙ্ঘন করেছে, যা জুলাই সনদের ২২ ও ২৩ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী।

কুবি ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু দেশের কিছু মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না।’

সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন,’বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছে, আর জুলাই সনদ সেই সংস্কার প্রস্তাবনারই একটি গুরুত্বপূর্ণ অংশ। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধ পরিকর। কিন্তু বিএনপি বিরোধী কিছু রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ও এনসিপি, জনগণ এবং ছাত্রসমাজের মাঝে অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি জুলাই সনদের পক্ষে নয়। বাস্তবে এ ধরনের প্রচারণা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরো বলেন, দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার সচেষ্টভাবে কাজ করবে। তবে বিএনপির অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ছাত্রসমাজকে বিএনপি বা সরকারবিমুখ করার যে অপতৎপরতা চলছে, তা রাজনৈতিক স্বার্থসিদ্ধির ছাড়া কিছুই নয়।’

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন