নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে কলমাকান্দা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
উদ্বোধন শেষে বক্তব্যে তিনি বলেন “ফ্যামিলি কার্ড যারা হত দরিদ্র তারা প্রথমে পাবে পরে অতি দরিদ্র ও দরিদ্র এই ধারাবাহিকতায় পাওয়ার কথা কিন্তু আজকে অনেক হতদরিদ্র এই তালিকা থেকে বঞ্চিত হয়েছে।” তিনি আরও বলেন “যে হতদরিদ্ররা আজকে কার্ড পায়নি তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি ও লজ্জিতও বটে।
উক্ত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক।
জেলা প্রশাসক মুশফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এবং লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড চালুর ফলে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম সহজ ও দ্রুত সময়ে গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় জনগণের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/আর বি