Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৭, ২০২৬ , ১১:২৮ পূর্বাহ্ণ

গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, পাশে দাঁড়ালেন বাউফলের এমপি

লেখকঃ মো: আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংসদ সদস্য বলেন, “একটি পরিবারের পাঁচজন সদস্যকে হারানোর এই নির্মম ঘটনা জাতিকে ব্যথিত করেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি জানান, দুর্ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবারের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। নিহতদের মরদেহ বাউফলে পৌঁছে দিতে ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সব ব্যয় বহন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিহত কালামের ভাগ্নে মো. শাকিল বলেন, “আমাদের এই দুঃসময়ে এমপি মহোদয় পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসা থেকে শুরু করে মরদেহ আনার ব্যবস্থাসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত স্বজনদের খোঁজখবর নিতে এবং সহায়তা পৌঁছে দিতে বাউফলের এমপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়মা। তিনি বাউফল উপজেলার কনকদিয়া এলাকার আবদুস সালামের মেয়ে। এর আগে গত সোমবার মারা যান তাঁর স্বামী মো. কালাম। পরে একে একে প্রাণ হারায় তাদের তিন সন্তান— কথা (৭), মুন্না (৭) ও মুন্নি (১০)।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, একটি প্রাণবন্ত পরিবার মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার এই ট্র্যাজেডি সহজে ভোলার নয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন