লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মগনা, পুকুরদিয়া ও চর মটুয়া গ্রামের ১ হাজার ২৫১টি পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হয়।
শনিবার (১৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপপরিচালক মাহবুবুর রহমান।
তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ২০টি জেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এর ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব Shahid Uddin Chowdhury Anny।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাবু।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এ. মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মো. এমরানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয় এবং এ কর্মসূচির মাধ্যমে জেলার আরও অসচ্ছল পরিবারকে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।