Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৬, ২০২৬ , ৭:১৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি সভা

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম সাতক্ষীরার মূলধারা সাংবাদিকদের সাথে পরিচিত সভা এবং মত বিনিময় অনুষ্ঠানে বলেছেন, অফিসিয়াল কাজ একটু পরে হলেও চলবে, আগে সেবা প্রত্যাশী মানুষ থানায় এলে তার সমস্যার সমাধানে কাজ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখা হবে।

পাশাপাশি জেলাজুড়ে মাদক, চোরাচালান ও সন্ত্রাসবাদের এবং চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন তিনি। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার। সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, জনসেবামুখী পুলিশিং এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ সুপার বলেন, পেশাদারিত্ব বজায় রেখে পুলিশি সেবা প্রদানে জেলার আট থানার ওসিদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণ থানায় এসে যেন হয়রানির শিকার না হন, দ্রুত সময়ের মধ্যে তাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। জেলাকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকদের চোখে আমরা পৃথিবীর দেখি, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের তথ্য ও সহযোগিতা পুলিশের কাজকে আরও বেগবান করবে। পরিচিতি সভায় সাংবাদিকরা সাতক্ষীরার সীমান্তবর্তী সাতটি উপজেলার মধ্যে পাঁচটি উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় চোরাচালান ও মাদকের বিস্তার রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি অনলাইন জুয়া বন্ধ, শহরের যানজট নিরসন, থানা সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সাধারণ মানুষের চলাচল সহজ করার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি এবং সরকারি কর্মকর্তাদের জিম্মি করে আর্থিক সুবিধা আদায়ের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় পুলিশ সুপার বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা নেবে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে জেলা পুলিশ অবিচল থাকবে। সভা শেষে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সাংবাদিকদের মধ্যে পরিচিতি সভায় বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ বেতার ও আজকের পত্রিকার প্রতিনিধি এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবুল কাশেম, সহ-সভাপতি ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন ও বাসস’র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির প্রতিনিধি বরুণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহি সম্পাদক আবু তালেব মোল্যা, বাংলানিউজের প্রতিনিধি তানজির কচি, কালবেলা ও স্টার নিউজের প্রতিনিধি গাজী ফরহাদ, মানবজমিনের প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন, বাংলাদেশের খবরের প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক বাংলার প্রতিনিধি আবু সাইদ প্রমুখ। এসময় সেখানে জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন