Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৬, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

লেখকঃ মো নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে আবারো এক ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান মালামালসহ সম্পুর্ন এবং একটি আংশিক ভস্মীভুত হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০.৩০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুত্র জানা যায়।

বন্দর ব্যবসায়ী সুত্রে জানা গেছে, দোকানীরা ওইদিন রাতে বন্দরের সার ও কীটনাশকের দোকান মেসার্স কাজী ট্রেডার্সে আগুন দেখতে পান। এ সময় দোকানদারদের ডাক চিৎকার এবং মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষনা দিলে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

খবর পেয়ে উপজেলা সদর থেকে বিশাল সন্ধ্যানদী পার হয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় সার ও কীটনাশকের তিনটি,রশি ও কাছির দশটি, মুদি মনোহরির দুটি, ক্রোকারিজ ও হার্ডওয়ারের দুটি, চা- পানের দোকান দুটি ও একটি সেলুনসহ ২০টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুন নিভাতে বানারীপাড়া ফায়ার সার্ভিসও যুক্ত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট আগুনের সুত্রপাত। উল্লেখ্য,২০২৪ সনের ফেব্রুয়ারি মাসে একই বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত হয়েছিল। সন্ধ্যানদীর পশ্চিমপাড়ে দ্রুত ফায়ার সার্ভিস নির্মানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন