কুমিল্লাকে বিভাগ করার দাবি জনগণের পক্ষ থেকে উঠলে তা বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানিয়ে তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব ওয়াদা দেয়, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইমাম-মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতোমধ্যে মানুষের মাঝে সেই কার্ড বিতরণ শুরু হয়েছে। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুন মাসের বাজেটে এ খাতে বড় বরাদ্দ রাখা হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিবাদী সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম ও মামলার শিকার হতে হতো। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ সেই শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু মানুষ শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন।”
দেশ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “দেশকে শুধু স্বৈরাচারমুক্ত করলেই হবে না। স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে এখন প্রয়োজন দেশকে পুনর্গঠন করা।”
আজকালের কন্ঠ/আর বি