নেত্রকোণার কেন্দুয়ায় বৃষ্টির মধ্যে ডোবায় মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। যুবকের মৃত্যুকে বাড়িতে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নিহত যুবক উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা উত্তরপাড়া গ্রামের হবুল মিয়ার ছেলে এনামুল হক (২৬)।
শুক্রবার (১৫ মে) বিকালে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন। পরে সন্ধ্যায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, এনামুল হক বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজে বের হন। পরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকালের কন্ঠ/আর বি