নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকা থেকে রহিম সিকদার (৩৫) নামে একজন ট্রাক চালককে কুপিয়ে গুরুতর যখন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে
এ ঘটনা ঘটে। রহিম শিকদার উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে।
গুরুতর আহত রহিম সিকদারকে এলাকাবাসীর উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। প্রথমে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার করে। ঢাকা মেডিকেলে তার ফুসফুসে এবং মাথার অপারেশন করা হয়েছে বলে জানা গেছে। এবং ডাক্তারদের অবজারভেশনে রয়েছেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে রহিম শিকদারের ছেলে সোয়াইব শিকদারকে (১২) সকালে ধোপাদহ এলাকার শাহজাহান শেখের ছেলে কিশোর গ্যাং প্রধান আজিম শেখ কয়েকটি চড়, থাপ্পড়, মারে। পরে সোয়াইব এসে তার পিতা রহিম শিকদারকে জানালে বিষয়টি নিয়ে রাত সাড়ে ৮টার দিকে রহিম শিকদার ও তার ছেলে সোয়াইবসহ কয়েকজন সুইচগেট এলাকায় যায়। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রহিম শিকদারের ওপর হামলা চালায়। এ সময় রহিম শিকদারের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনার চেষ্টা চলছে।