কুমিল্লার মুরাদনগরে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী “পার্টনার ফিল্ড কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ নূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ পাভেল খান পাপ্পু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার রেজাউল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার অতিরিক্ত পরিচালক আল মামুন রাসেল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টিসমৃদ্ধ কৃষিপণ্য চাষে কৃষকদের আরও সচেতন ও দক্ষ করে তুলতে “পার্টনার” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে কৃষিতে উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি