Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৪, ২০২৬ , ৯:৫৩ পূর্বাহ্ণ

কারাফটকে দাঁড়িয়ে থাকা দুই সন্তানের অপেক্ষার অবসান

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে মারধরের একটি মামলায় আড়াই বছরের শিশুকে নিয়ে কারাগারে যাওয়া ফারহানা আক্তার শিল্পী অবশেষে জামিন পেয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। এর মধ্য দিয়ে কারাফটকের সামনে দাঁড়িয়ে মায়ের ফেরার অপেক্ষায় থাকা দুই সন্তানের প্রতীক্ষার অবসান হলো।

আদালতের পেশকার দেলোয়ার হোসেন বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির কোলে একটি ছোট শিশু রয়েছে। বাড়িতে আরও দুই শিশু সন্তান থাকায় বিচারক মানবিক দৃষ্টিকোণ থেকে তার জামিন মঞ্জুর করেছেন।

আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, গত সোমবার (১১ মে) ফারহানা আক্তার শিল্পী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তিনি আড়াই বছরের ছেলে সিয়ামকে কোলে নিয়ে লক্ষ্মীপুর জেলা কারাগারে যান।

প্রিজনভ্যানে শিশুকে কোলে নিয়ে বসে থাকা শিল্পীর ছবি এবং কারাফটকের সামনে তার দুই স্কুলপড়ুয়া সন্তানের অপেক্ষার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে দৈনিক আজকালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আরও আলোচনায় আসে।

সাধারণত এ ধরনের মামলায় সাত দিন পর পুনরায় জামিন আবেদন করার সুযোগ থাকে। তবে শিশুসন্তানসহ এক মায়ের কারাগারে যাওয়ার ঘটনাটি জনমনে নাড়া দিলে আদালত বিশেষ বিবেচনায় বুধবার তার জামিন মঞ্জুর করেন।

শিল্পীর আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, “ঘটনার ভিডিওতে স্পষ্ট দেখা যায়, শিল্পী নিজেই মারধরের শিকার হয়েছেন। তার হাতে কোনো রড ছিল না এবং তিনি কাউকে আঘাতও করেননি। লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে আঘাতের ধরন ‘সিম্পল’ বা সাধারণ বলা হয়েছে। সে বিবেচনায় মামলাটি জামিনযোগ্য হলেও তাকে কারাগারে পাঠানো হয়েছিল।”

শিল্পীর ভাই মো. আবু ইউছুফ বলেন, “দুই দিন ধরে তার দুই সন্তান শুধু মায়ের জন্য কান্নাকাটি করেছে। আজ তাদের অপেক্ষার অবসান হলো।”

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বলেন, “ফারহানা আক্তার শিল্পী ১১ মে আড়াই বছরের শিশুকে নিয়ে কারাগারে আসেন। আজ আদালত তার জামিন মঞ্জুর করেছেন।”

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার বাসিন্দা মাহাতাব উদ্দিন ভূঁইয়া গত ১৫ এপ্রিল তার ওপর হামলার অভিযোগ এনে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) সদর আদালতে মামলা করেন।

মামলায় ফারহানা আক্তার শিল্পীসহ ১০ জনকে নামীয় এবং আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, শিল্পী লোহার রড দিয়ে বাদীর মাথার পেছনে আঘাত করেন। তবে লক্ষ্মীপুর সদর হাসপাতালের দেওয়া মেডিকেল সার্টিফিকেটে আঘাতের ধরন ‘সিম্পল’ বা সাধারণ বলে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট করুন