Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৩, ২০২৬ , ১২:২৯ অপরাহ্ণ

রাণীনগরে দোকান চুরি ঘটনা নিয়ে কাটছে না ধোঁয়াশা, বেড়িয়ে আসছে নতুন রহস্য

লেখকঃ ​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জানালার গ্রিল কেটে চুরির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা, বেড়িয়ে আসছে নতুন রহস্য। দোকান মালিকের দাবি অনুযায়ী প্রায় সাত লক্ষ টাকার মালামাল ও নগদ টাকা চুরি হলেও, বিষয়টিকে ‘সাজানো নাটক’ বলে দাবি করছে একটি নামী-দামী ইলেকট্রনিক্স কোম্পানি। এই পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী দোকান মালিক আতিকুর রহমান সুমন জানান, রোববার দিবাগত রাতে আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে দোকান খুলতেই তিনি দেখতে পান ​দোকানের পেছনের জানালার গ্রিল কাটা।​ ক্যাশ ড্রয়ারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।​ ড্রয়ারে থাকা নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা সহ সব মিলিয়ে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে।

​চুরির এই ঘটনাকে ভিন্ন চোখে দেখছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন কর্তৃপক্ষ। কোম্পানির এরিয়া ম্যানেজার শ্রী সেতু জানান, দোকান মালিক সুমনের কাছে কোম্পানির প্রায় ৪০ লক্ষ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধ না করায় তাকে ইতিমধ্যে উকিল নোটিশ পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। আমাদের ধারণা এই বিপুল অংকের টাকা পরিশোধ এড়াতে বা সময়ক্ষেপণ করতেই চুরির এই ঘটনা সাজানো হতে পারে।

​খবর পেয়ে সোমবার দুপুরে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ধরন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশের কণ্ঠেও রহস্যের সুর শোনা গেছে।

​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, প্রাথমিক পর্যবেক্ষণে চুরির ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন