Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১১, ২০২৬ , ৮:০৩ অপরাহ্ণ

গোবিপ্রবির বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন

লেখকঃ মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের আধুনিক শিক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার দপ্তরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন ল্যাব উপকরণ হস্তান্তর করেন।

প্রথম ধাপে ১১টি বিভাগের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। এছাড়া কৃষি বিভাগের জন্য পাওয়ার টিলার ও সিডার মেশিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জন্য হট প্লেট এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও মনোবিজ্ঞান বিভাগের জন্য প্রয়োজনীয় ল্যাব উপকরণ প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সকল বিভাগে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ প্রয়োজনীয় গবেষণা ও ল্যাব সরঞ্জাম সরবরাহ করা হবে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রেজিস্ট্রার দপ্তরসহ বিভিন্ন অফিসের জন্য কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারও হস্তান্তর করেন উপাচার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও কর্মকর্তারা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন