Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১০, ২০২৬ , ১০:৪১ পূর্বাহ্ণ

মুরাদনগরে মাদক কারবারিদের ছাড় নয়: ওসি আনোয়ার হোসেনের হুঁশিয়ারি

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা প্রতিনিধি

“আমি এ থানায় যতদিন থাকব, কোনো অবস্থাতেই মাদকসেবী ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।” — এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।

শনিবার (৯ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, অনলাইন জুয়া ও সকল ধরনের অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, “মাদক সমাজের জন্য একটি অভিশাপ। মাদক শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনারা তথ্য দিন, পরামর্শ দিন, পুলিশকে সহযোগিতা করুন। আমরা সবাইকে সঙ্গে নিয়েই মাদকবিরোধী অভিযান চালিয়ে যাব।”

বাখরাবাদ বাজারে ৮ নং বিট পুলিশিং ও জাহাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর।

আজিজুর রহমান মমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. বাহার উদ্দিন, বাদল ডাক্তার, খলিল মেম্বার, আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে গড়ে ওঠা অন্যায়-অবিচার ও মাদকের সংস্কৃতি প্রতিরোধে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, “বাখরাবাদ এলাকাকে আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত দেখতে চাই। এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি ও গণআন্দোলন গড়ে তুলতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন এসআই সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. দেলোয়ার হোসেন চিশতী, সাবেক মেম্বার আলী নেওয়াজ, মোশারফ হোসেন, মোফাজ্জল হোসেন সরকার, মিলন মেম্বার, দানু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন