Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৯, ২০২৬ , ৬:১২ অপরাহ্ণ

অযৌক্তিক ফি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

লেখকঃ ইবি প্রতিনিধি

অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি কমানো এবং পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে ‘অস্বচ্ছল মেধাবীরা বঞ্চিত কেন?, প্রশাসন জবাব চাই’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানবো না’, ‘পোষ্য কোটা বাতিল চাই’সহ বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল হলেও ইবিতে এখনও পোষ্য কোটায় ভর্তি চলমান। যারা এই কোটায় ভর্তি হয় তারা অমেধাবী। তাদের পরিচয় প্রকাশ করা হোক।” এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সেশন ফি কমানোর জোর দাবি জানিয়ে তারা বলেন, “অতিরিক্ত সেশন ফি প্রদান করতে শিক্ষার্থীদের নাভিশ্বাস চলে আসে।”

কর্মসূচিতে যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়কে উপাচার্য স্যার ঢাবি-রাবি-জাবি-চবি সাথে তুলনা করলেও ফি-এর দিক থেকে তা সেসব বিশ্ববিদ্যালয়ের তুলনায় অতিমাত্রায় বেশি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ১৭০০ টাকায় ফরম ফিলআপ করা গেলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই ফি ৯ থেকে ১২ হাজার পর্যন্ত পৌঁছায়।”

সাবেক প্রশাসনের সমালোচনা করে তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আমলের ভিসি আশকারি নিজের ও নিজের দলের সুবিধার্থে ফি অতিরিক্ত পরিমাণে বাড়িয়েছিল।”

বর্তমান প্রশাসনকে উদ্দেশ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইবির তথাকথিত জুলাই প্রশাসন অযৌক্তিক ফি ও পোষ্যকোটা বাতিল না করা অব্দি আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন