পটুয়াখালীর বাউফলে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে ও টেকসই সহায়তা নিশ্চিত করতে উন্নতমানের বীজ বিতরণ করেছে ব্র্যাক।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ব্র্যাক এলাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়।
ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ছালেহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) জহুরুল আলম, উপজেলা হিসাব ব্যবস্থাপক লিটন কুমার দেবনাথ, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) শাহিন হোসেন, শাখা ব্যবস্থাপক শাহিন হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আজমল হোসেনসহ বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে ব্র্যাক সীডের উদ্ভাবিত হাইব্রিড আমন ধান ‘মুক্তি-১’সহ বিভিন্ন জাতের উন্নত বীজ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ২ কেজি আমন ধানের বীজের পাশাপাশি বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চাল কুমড়া, বরবটি, পুঁইশাক ও ডাঁটাশাকসহ মোট ১৩ ধরনের সবজি বীজ দেওয়া হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে ব্র্যাকের কর্মকর্তারা আধুনিক পদ্ধতিতে বীজ বপন, পরিচর্যা ও ফলন বৃদ্ধির নানা দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছালেহ আহমেদ বলেন, উন্নত জাতের বীজ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগী কৃষকরা ব্র্যাকের এ উদ্যোগকে সময়োপযোগী ও উপকারী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আজকালের কন্ঠ/আর বি