Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৭, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ

কৃষক মাওলা হত্যাকাণ্ড: অভিযুক্ত হত্যাকারী পরিবারকে সামাজিক বয়কটের ঘোষণা, এলাকাবাসীর গণস্বাক্ষর

লেখকঃ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক মাওলা সরকার হত্যাকাণ্ডে অভিযুক্ত খোরশেদ আলম বাহিনীর পরিবারের সদস্যদের সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন মহেশপুর ও নইরপাড় গ্রামের বাসিন্দারা। এ সিদ্ধান্তের সমর্থনে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেছেন।

বুধবার (৬ মে) বিকেলে উপজেলার মহেশপুর ও নইরপাড় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, মহেশপুর গ্রামের “ত্রাস” হিসেবে পরিচিত খোরশেদ আলম ও তার বাহিনী দীর্ঘদিন ধরে গ্রামের সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। সর্বশেষ তাদের হামলায় কৃষক মাওলা সরকার নিহত হন। বক্তাদের দাবি, গ্রামের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে এ বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন।

তারা বলেন, “এই খুনি ও সন্ত্রাসীদের আমরা গ্রামে বসবাস করতে দেব না। মাওলা সরকার হত্যার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ অভিযুক্তদের পরিবারের সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং উল্টো হুমকি-ধামকি দিচ্ছে।”

এসময় এলাকাবাসী ঘোষণা দেন, অভিযুক্ত পরিবারের সদস্যদের কাছে কোনো দোকানদার পণ্য বিক্রি করবেন না এবং সামাজিকভাবেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। একইসঙ্গে মসজিদ ও ঈদগাহে তাদের সঙ্গে নামাজ আদায় না করার কথাও জানান বক্তারা।

সভায় পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহিম সরকারের নেতৃত্বে বক্তব্য রাখেন ফিরোজ মিয়া, মোশাররফ হোসেন, শহীদ মিয়া, দুলাল মিয়া, বজলু মিয়া, মোস্তফা মৈশান, জাহাঙ্গীর মৈশান, ফরিদ মিয়া, সামসুল আলম, কনু মিয়া, বাপন সাহা, আবদুন নুর ও সামাদ সরকারসহ অনেকে।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন