Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৭, ২০২৬ , ১০:৫৮ পূর্বাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জ থেকে বিশ্বমঞ্চে আবজল, ২০২৬ বিশ্বকাপে ভলান্টিয়ার হিসেবে ডাক

লেখকঃ ছাইম ইবনে আব্বাস, সিলেট (গোলাপগঞ্জ) প্রতিনিধি

সিলেটের মাটিতে জন্ম নেওয়া এক স্বপ্নবাজ তরুণ আবজল আহমদ। ছোটবেলার সেই স্বপ্ন, মানুষের পাশে দাঁড়ানো, বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরা। আজ তা বাস্তবতার আলোয় উদ্ভাসিত। কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা পেরিয়ে এবার আরও বড় এক যাত্রায় পা রাখতে চলেছেন তিনি।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের এই কৃতি সন্তান আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। মঙ্গলবার (৫ মে) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি আনন্দঘন এই সংবাদটি নিশ্চিত করেন।

আবজল জানালেন, এবারের বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির বিখ্যাত স্টেডিয়ামে হসপিটালিটি ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন—যে মঞ্চে অনুষ্ঠিত হবে ফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। কোটি কোটি দর্শকের চোখ যেখানে নিবদ্ধ থাকবে, সেখানেই নিজের দায়িত্ব পালন করবেন তিনি একজন নীরব কিন্তু অপরিহার্য নায়ক হিসেবে।

তার ভাষায়, “ভলান্টিয়ারিংয়ের প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই। সেই ভালোবাসাই আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে।”

২০২২ সালে কাতার বিশ্বকাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতা যেন তাকে আরও দৃঢ় করেছে, আরও বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। ২০২৬ বিশ্বকাপ একটি মেগা আয়োজন, নতুন ফরম্যাটে আরও বিস্তৃত, আরও প্রতিযোগিতামূলক। প্রায় ১০ লক্ষ আবেদনকারীর ভিড় থেকে মাত্র ৬৫ হাজার স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন। সেই গর্বিত তালিকায় জায়গা করে নিয়েছেন আবজল আহমদ। যা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা সিলেটবাসীর জন্য এক অনন্য গৌরবের বিষয়।

এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ এক পথচলা আবেদন, কঠোর বাছাই প্রক্রিয়া, সাক্ষাৎকার, শিফট নির্ধারণ এবং ভিসা সংক্রান্ত নানা ধাপ অতিক্রম করে অবশেষে নিশ্চিত হয়েছে তার যাত্রা।

সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

স্বপ্নের ডানায় ভর করে এক তরুণ এগিয়ে চলেছেন বিশ্বমঞ্চের দিকে তার এই যাত্রা যেন নতুন প্রজন্মের জন্য হয়ে ওঠে অনুপ্রেরণার আলোকবর্তিকা। আবজল আহমদের এই গল্প শুধু একটি ব্যক্তিগত সাফল্যের কাহিনি নয় এটি স্বপ্ন দেখার, চেষ্টা চালিয়ে যাওয়ার, আর নিজের মাটিকে বিশ্বদরবারে তুলে ধরার এক উজ্জ্বল উদাহরণ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন