মৌসুমের শেষভাগে এসে দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনাল তাদের কোচ মিকেল আর্তেতাকে দীর্ঘমেয়াদে ধরে রাখার পরিকল্পনা করছে। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ—দুই শিরোপার দৌড়ে থাকা দলটির সাফল্যের পেছনে আর্তেতার অবদান বিবেচনায় নিয়ে তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে ক্লাব।
দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, গত মার্চ মাসেই আর্সেনাল কর্তৃপক্ষ নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়। যদিও আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, তবুও ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর ক্লাবে যে বড় পরিবর্তন তিনি এনেছেন, সেটির স্বীকৃতি হিসেবেই নতুন পরিকল্পনা করছে ক্লাব।
বর্তমানে আর্তেতার মূল মনোযোগ শিরোপা জয়ের দিকে। তবে তিনি আর্সেনালের দীর্ঘমেয়াদি প্রকল্পে সন্তুষ্ট এবং শিগগিরই নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসতে আগ্রহী বলেও জানা গেছে।
২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের খুব কাছে রয়েছে আর্সেনাল। ৩৫ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি। যদিও ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপার লড়াই এখনও জমে আছে।
শুধু লিগ নয়, ইউরোপের মঞ্চেও দারুণ করছে গানার্সরা। সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দীর্ঘ বিরতির পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে দলটি। বুদাপেস্টের ফাইনালে জয় পেলে আর্সেনালের ইতিহাসে বিশেষ জায়গা করে নেবেন আর্তেতা।
আজকালের কন্ঠ/আর বি