হাওরাঞ্চলের কৃষকদের দুর্দশা, ক্ষতি ও মানবসৃষ্ট বিপর্যয়ের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় দুর্গত কৃষকদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও নীতিগত ত্রুটির কারণে হাওরাঞ্চলের কৃষকরা বারবার ক্ষতির মুখে পড়ছেন। একই সমস্যার পুনরাবৃত্তি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে কৃষকদের জীবন-জীবিকা আজ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
বক্তারা আরও বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং তদারকির অভাবের কারণে প্রতি বছরই ফসলহানির ঘটনা ঘটছে। পাশাপাশি কৃষি উপকরণ সরবরাহে অনিয়ম, ঋণের বোঝা এবং মাছ ধরার ওপর ইজারা প্রথা—সব মিলিয়ে হাওরবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
সমাবেশ থেকে দ্রুত সমাধানের দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সরবরাহকৃত বীজ সংক্রান্ত অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত, কৃষকদের সব ধরনের (সরকারি, বেসরকারি ও এনজিও) ঋণ মওকুফ,
হাওরের ইজারা প্রথা বাতিল করে সাধারণ মানুষের মাছ ধরার অধিকার পুনর্বহাল,
ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি,
ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পশুখাদ্যসহ পুনর্বাসন নিশ্চিত করা।
বিক্ষোভকারীরা আরও বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে এবং হাওর অঞ্চলের সামগ্রিক অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করে। এ সময় দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
আজকালের কন্ঠ/আর বি