Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৬, ২০২৬ , ২:৩২ অপরাহ্ণ

স্ত্রীর শর্ত নিয়ে বিরোধে রামগতিতে যুবকের আত্মহত্যা

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্ত্রীর দেওয়া শর্তকে কেন্দ্র করে দাম্পত্য বিরোধের জেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) ভোর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারের সঙ্গে আনোয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ লেগেই ছিল।

একপর্যায়ে স্ত্রী ইয়াসমিন সংসার চালিয়ে যাওয়ার জন্য স্বামীর কাছে ৯টি লিখিত শর্ত দেন বলে জানা গেছে। এসব শর্তের মধ্যে ছিল— স্বামীর মা-বোনের সঙ্গে যোগাযোগ না রাখা, তাদের কথায় গুরুত্ব না দেওয়া, স্ত্রীকে কোনো অবস্থাতেই শারীরিকভাবে আঘাত না করা, স্বর্ণালংকার বুঝিয়ে দেওয়া, দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি স্ত্রীর নামে লিখে দেওয়া, ব্যক্তিগত বিষয়ে কোনো অভিযোগ না তোলা, বাবার বাড়ি থেকে কিছু আনার জন্য চাপ না দেওয়া, ননদ ও তাদের স্বামীদের হস্তক্ষেপ বন্ধ রাখা এবং বাবার বাড়িতে যাতায়াতে বাধা না দেওয়া।

এসব শর্ত মেনে নিতে না পেরে গত সোমবার (৪ মে) আনোয়ার তার শ্বশুর আব্দুল মান্নানের কাছে বিচার চাইতে শ্বশুরবাড়িতে যান। সেখানে শ্বশুর-শাশুড়ির কাছ থেকে অপমানিত হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। পরে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে স্থানীয়দের ধারণা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন