Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৬, ২০২৬ , ১:১৪ পূর্বাহ্ণ

গুন্ডামি-দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি হুইপ নিজানের

লেখকঃ জাকির হোসেন জুয়েল , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

গুন্ডামি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, “কেউ যদি গুন্ডামি করেন বা অন্যের জায়গা-জমি দখল করেন, ভাগাভাগি করেন—তাহলে আমি আপনার পাশে নেই।”

মঙ্গলবার দুপুরে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে খাল খনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, চাকরির ক্ষেত্রে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে এবং ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে সহায়তা দেওয়া হবে। তবে দুর্নীতি বা অন্যায় কোনোভাবেই বরদাশত করা হবে না।

এর আগে, উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার থেকে ভুলুয়া নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে হুইপ নিজান বলেন, “আওয়ামী লীগ কেন ক্ষমতা থেকে সরে গেছে, তা সবাই জানেন। আমরা কোনো ধরনের লুটপাট বা ভাগাভাগিতে নেই।” তিনি অতীতে প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে জোরপূর্বক স্লোগান দেওয়ানোর সংস্কৃতির সমালোচনা করে বলেন, বর্তমান সরকার প্রশাসনের জন্য একটি স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে চায়।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং সরকার ভর্তুকি দিয়ে তেল আমদানি করছে। কৃষকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “যুদ্ধ পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষতি হচ্ছে, তার জন্য বিএনপি দায়ী নয়। দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ, আমরা এই সংকট কাটিয়ে উঠব।”

সবশেষে খাল খনন কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করতে স্থানীয়দের তদারকি করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ-জামান, কমলনগর থানার অফিসার ইনচার্জ ফরিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. দিদার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন